
মো: রিয়াজ জেলা প্রতিনিধি শেরপুর
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের তিন দিন পর মাইমুনা আক্তার (১৩) নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
২৬ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রামের একটি ডোবার কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাইমুনা ওই গ্রামের মফিজুল ইসলামের মেয়ে এবং কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে বাড়ির উঠানে বান্ধবীদের সাথে পুতুলের জন্মদিন পালন করছিলো। এসময় মাইমুনা ফুল আনতে বাড়ি থেকে বের হয়। এদিকে দুপুরের পর থেকে মাইমুনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে রোববার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এদিকে মঙ্গলবার বিকেলে বাড়ির কাছাকাছি নিচু জমি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সেখানে গিয়ে তাঁরা ডোবায় কচুরিপানার ভেতরে মাইমুনার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে রাতেই নালিতাবাড়ী পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।