
শাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজা ও একটি অটোরিক্সা জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো—ফুলবাড়ী উপজেলার চন্দখানা এলাকার গোলজার হোসেন (২৫), সবুজ মিয়া (২১) এবং বুড়ির চর এলাকার বাসিন্দা রাসেল মিয়া (২৩)।
ডিবি পুলিশ জানায়, বুধবার (২৭ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর উপজেলার আনন্দ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন মাদক কারবারিকে আটক করে তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিক্সাও জব্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি’র ওসি বজলার রহমান বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদক ব্যবসার বিস্তার ঘটেছে। ডিবির এই সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন তারা।