
শাহজাহান খন্দকার, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে নদী ভাঙনের তীব্রতায় গৃহহারা ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সম্প্রতি টানা কয়েক দিনের বর্ষণে উপজেলার কয়েকটি ইউনিয়নে ভয়াবহ নদী ভাঙন দেখা দেয়। বিশেষ করে থেতরাই ও বজরা ইউনিয়নের বিভিন্ন এলাকা তিস্তার ভাঙনের কবলে পড়ে বহু পরিবার গৃহহারা হয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পত্রপত্রিকায় ভাঙনের করুণ চিত্র ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনের পর বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের অর্থায়নে বজরা ইউনিয়নের ৮টি অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা হিসেবে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা, উপজেলা পিআইও ফিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণ সহায়তা পেয়ে নদী ভাঙনকবলিত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান।