
মো: রিয়াজ জেলা প্রতিনিধি শেরপুর
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের মরাখলা ছালাতলা গ্রামে তুলা মিয়া নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুলা মিয়ার ঘনিষ্ঠ বন্ধু নাজমুল হোসেন তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে কোনো এক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাজমুল তুলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন এবং তাকে ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা খবর পেয়ে তুলাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে অভিযুক্তকে গ্রেফতার করতে রাতভর অভিযান চালায় পুলিশ। সোমবার ভোররাতে নাজমুলের সাথে থাকা এক নারীকে পাশের সেহড়াতলী গ্রাম থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। তবে নাজমুল পালিয়ে যায়।
প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা না গেলেও অর্থনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।