
শাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক সাফল্য অর্জন করেছেন। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে তাঁর নেতৃত্বে পুলিশের কার্যক্রম ইতোমধ্যেই আলোচনায় এসেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় ৭০ গ্রাম গাঁজা।
পরবর্তীতে ৮ মার্চ ২০২৫ সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত আরেক অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়; এসময় উদ্ধার করা হয় ৩২ পিস ইয়াবা ও ৬ গ্রাম হেরোইন।
সবশেষে, ১০ মে ২০২৫ রাতে বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী নয়নকে গ্রেপ্তার করে উলিপুর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার হয় ১৯০ পিস ইয়াবা, ১.৫ গ্রাম হেরোইন, নগদ টাকা ও একটি মোবাইল ফোন।
মাদক দমনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গত ৭ জানুয়ারি ২০২৫ তারিখে ওসি জিল্লুর রহমানকে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সম্মাননায় ভূষিত করেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
শুধু মাদক দমন নয়, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেও রেখেছেন ভূমিকা। গত ১৪ এপ্রিল ২০২৫ পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, যেখানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিজেই তদারকি করেন তিনি।
স্থানীয়দের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি জিল্লুর রহমান উলিপুরে শুধু অপরাধ দমনই নয়, বরং সাধারণ মানুষের মনে নিরাপত্তা ও আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।