
শাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে শহরের বিজয় মঞ্চ চত্বরে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে গিয়ে সমবেত হয়। র্যালিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিয়া, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ, সাবেক সহসভাপতি মহসীন আলী, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবীব নয়ন, মহিলা দলের আহ্বায়ক রশিদা বেগম লতা, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “বিগত ১৭ বছর আমরা মন খুলে কথা বলতে পারিনি, কিছু করতে পারিনি। এখন সময় এসেছে সত্য উচ্চারণের এবং জনগণের অধিকার আদায়ের। দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের পথ হলো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।”
তারা আরও বলেন, বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে দ্রুত জাতীয় নির্বাচনই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একমাত্র পথ। এটাই এখন দেশবাসীর প্রত্যাশা।