শাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে গভীর রাতে মাদক পাচারের চেষ্টাকালে উজ্জ্বল মিয়া (২৯) নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা সরকার পাড়া গ্রামের রুহুল আমীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার দক্ষিণ সাদুল্যা চাচীয়ার পাড় এলাকা থেকে ২৮ পিস ইয়াবাসহ উজ্জ্বল মিয়াকে আটক করা হয়।
থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত উজ্জ্বল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এলাকায় মাদক পাচার ও ব্যবসা বন্ধে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত রাখা জরুরি।